নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৫ বছর পরে রাজশাহীর সাবেক শিবির নেতা হাফিজুর রহমান শাহীন হত্যার রহস্য উদঘাটনে প্রত্যক্ষদর্শী বন্ধুর বণ’না’ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন নিহতের পরিবার। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে শাহীনের বন্ধু মাহফুজুর রহমানের দেয়া বক্তব্যে খুনের প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলে আশাবাদী তারা।
সোমবার (১০ ফেব্রুয়ারী) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন বাজারে রাজশাহী মহানগর জামায়াতের মতিহার থানার ২৬ নং ওয়ার্ডের উদ্যোগে শিবির নেতা হাফিজুর রহমান শাহীনের ১৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে স্মৃতিচারণকালে শাহীনের বন্ধু মাহফুজুর বলেন, আমার এবং আমার পরিবারের চোখের সামনে বন্ধু শাহীনকে গুলি করে হত্যা করে পুলিশ। সুপরিকল্পিত ভাবে হাফিজুর রহমান শাহীনের গলায় বন্দুক রেখে আমার আত্মীয়স্বজনের সামনে শাহীনকে হত্যা করা হয়। গুলি করার সাথে সাথেই শাহীন মাটিতে লুটিয়ে পড়ে। শাহীন শুধু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে মাথাটি ঘোরানোর সময় পেয়েছিলন। সুঠাম দেহের অধিকারী শাহীনের তরতাজা রক্ত গড়িয়ে আমার ঘরের মেঝে পরিপূর্ণ হয়ে গিয়েছিলো।
তিনি আরো বলেন, দীর্ঘ ১৫ বছর পরে শাহীন হত্যার আসল ঘটনা এলাকাবাসীর সামনে বলতে পেরে হালকা মনে করছি আমি।
মাহফুজুর বলেন, পুলিশ একটি নাটক সাজানোর চেষ্টা করে। পুলিশ আমাকে পালিয়ে যাবার জন্য বলে। আমি আমার আত্মীয়স্বজনের সাথে পরামর্শ করি এবং সিদ্ধান্ত নিই, আমি কোথাও যাবো না। আমি তাদের বলি, আপনাদের সিদ্ধান্ত থাকলে আমাকে মেরে ফেলুন আমিও শাহীনের সাথে শহীদ হতে চাই। এরপর তারা ক্রসফায়ায়ের নাটক সাজিয়ে তারা আমাকে শাহীনের হত্যাকারী বানালো। তারপর শুরু হলো নির্মম নির্যাতন। রিমান্ডের নামে ওরা আমাকেসহ আমার বৃদ্ধ পিতাকেও নির্মম পাশবিক নির্যাতন শুরু করলো। আমার বন্ধু শাহীন হত্যায় জড়িতদের বিচারের জোর দাবি জানাচ্ছি।
উল্লেখ্য ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি হাফিজুর রহমান শাহীনের মৃত্যুর খবর পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাত ৩টার দিকে তার গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করে পুলিশ। হাফিজুর রহমান শাহীনের বাড়ি রাজশাহী মহানগরীর ২৬ নং ওয়ার্ডের মেহেরচন্ডীতে।
শিবির নেতা হাফিজুর রহমান শাহীনের ১৫তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে নগরীর মতিহার থানার জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল।
মতিহার থানার জামায়াতের আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের সমাজসেবা সম্পাদক কামরুজ্জামান সোহেল, মতিহার থানা সেক্রেটারী রফিকুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মোল্লা, প্রচার সম্পাদক মেজবাহুল আরেফিন রকেট, যুব বিভাগের সেক্রেটারি আফজাল হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।




