নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রি বেশে প্লাস্টিকের বস্তায় বেগুনের মধ্যে অভিনব কায়দায় হেরোইন পাচার হচ্ছে। শুক্রবার ১০৫ গ্রাম হেরোইন বহন করার সময় এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৫-এর রাজশাহী ক্যাম্পের সদস্যরা।

গতকাল শুক্রবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় একটি সবজির বস্তায় বেগুনের ভেতর ১০৫ গ্রাম হেরোইন জব্দ করে র্যাবের অভিযানিক দল।
গ্রেফতারকৃতর নাম রুহুল আমিন (৪৩)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চরভূবন গ্রামের মৃত সাবেয়ার রহমানের ছেলে।
আজ শনিবার (২৮ অক্টোবর) সকালে র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে মাদককারবারি রুহল আমিন। তবে তাকে ধাওয়া করে ধরে ফেলা হয়। এরপর তার কাছে থাকা প্লাস্টিকের বস্তার ভেতর বেগুন পাওয়া যায়। এ সময় বস্তায় থাকা সেই বেগুনের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১১ লাখ টাকা মূল্যের ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে অভিযুক্তে আটক করে র্যাব-৫ এর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
সেখানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আজ সকালে তাকে রাজশাহী জিআরপি থানায় সোপর্দ করা হয়।
রুহুলের বিরুদ্ধে জিআরপি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সনি বাংলা ডট কম/ই আবি





