নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার তানোর উপজেলায় সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। এসময় চুরি হওয়া একটি ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-তানোর ভদ্রখন্ড গ্রামের মো: নাজির হোসেন বাদশার ছেলে মো: সুজন উদ্দিন (২৩), একই গ্রামের মো: মনসুর রহমানের ছেলে মো: ফিরোজ ইসলাম (২০) ও নুর মোহাম্মদের ছেলে মাফিকুল ইসলাম (৩৬)।
এতথ্য নিশ্চিৎ করে ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল আলম বলেন,
গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে তানোরের রায়তান আকসা মসজিদ মোড় থেকে নবনবী যাবার জন্য ৪০০ টাকায় ভুক্তভোগী ভ্যান চালক মো: রবিউল ইসলামের অটোচার্জার ভ্যান ভাড়া করেন অভিযুক্ত সুজন উদ্দিন ও ফিরোজ ইসলাম।
শালবান্ধা নামক স্থানে মাফিকুল ইসলাম অটোচার্জারে যাত্রী হিসেবে উঠতে চায়। এরই মধ্যে সুজন উদ্দিন ও ফিরোজ ইসলাম ভ্যান চালক রবিউল ইসলামের মাথায় লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করে গুরুত্বর জখম করে এবং অটোচার্জার ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
এঘটনায় আজ ২৫ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে তানোর থানা পুলিশের একটি দল রাজশাহী এয়ারপোর্ট থানাধীন বায়াবাজারের একটি গ্যারেজে অভিযান চালিয়ে ঐ অটোচার্জার ভ্যানটি উদ্ধার করে এবং সুজন উদ্দিনকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে সুজন উদ্দিনের দেয়া তথ্যের ভিত্তিতে সকাল ৮টায় তানোর কাশেমবাজার এলাকা থেকে ফিরোজ ইসলাম ও মাফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় তানোর থানায় একটি দস্যুতা মামলা রুজু করা হয়। এরপর অভিযুক্তদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সনি বাংলা ডট কম/ইআবি





