স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে অটোরিক্সা চালক হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে আরএমপির গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় হত্যাসহ ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত অটোরিক্সাটিও।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজপাড়া থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকার মোঃ তানভীর রানা প্রান্ত (২২), লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মোঃ শামীম (৩৫), আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার মোঃ রাব্বি (২০) এবং ভাটাপাড়া এলাকার মোঃ নূর আলম (২৫)।
পুলিশ জানায়, নিহত অটোরিক্সা চালক মামুনুর রশিদ (৫০) গত ২ মে বিকেলে ভাড়ার অটোরিক্সা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে দামকুড়া থানার জোতরাবোন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ বাবুল (৬০) বাদী হয়ে দামকুড়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। পরে পুলিশ অভিযোগটি আমলে নিয়ে হত্যা মামলা রুজু করে।
মামলার তদন্তে নেমে আরএমপির গোয়েন্দা শাখা তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ মে) রাত আনুমানিক সোয়া ২টার দিকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকা থেকে মামলার ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইকৃত অটোরিক্সাটিও উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় আরও অভিযান চালিয়ে রাত আনুমানিক পৌনে ৪টা ও পৌনে ৫টার দিকে মামলার ৩ ও ৪ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তারকৃত শামীমের বিরুদ্ধে পূর্বে রাজপাড়া থানায় বিভিন্ন আইনে ৬টি মামলা রয়েছে। এছাড়া রাব্বির বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি এবং তানোর থানায় ১টি পেনাল কোডের মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশ জানিয়েছে, মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।





