স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন ও মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের হনহাট এলাকায় হরিয়ান বিএনপির সাবেক সভাপতি রজব আলীর উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
এসময় তিনি প্রায় ৪০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, “ঈদের আনন্দ থেকে যেন কোনো দরিদ্র ও অসহায় মানুষ বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই বিএনপি সরকার কাজ করছে। নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সমাজের সকল মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, “প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। খুব শিগগিরই এই সুবিধা সবার দোরগোড়ায় পৌঁছে যাবে।”
পরে বিকেল ৩টায় মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নেও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, হরিয়ান ইউনিয়নের সাবেক সভাপতি রহমান, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ৪নং মৌগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলী এবং ধুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।





