স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রায় ২২ লক্ষ টাকা মূল্যের ২১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।

আটককৃতরা হলেন—গোদাগাড়ী থানার চর বোয়ালমারী আমিনপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে মোঃ মেহেদী হাসান (২৩) এবং মোহনপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (২৫)।
মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে গোদাগাড়ী থানাধীন আইহাইরাহি ঝিরকুপাড়া এলাকায় র্যাব-৫-এর সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
অভিযানের সময় ২১৫ গ্রাম হেরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব জানায়, আটককৃতরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী চর এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল।
এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা রুজু হয়েছে।





