স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় স্থানীয় জনতার সহায়তায় এক বাইসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় চোরাই বাইসাইকেলটিও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি শহিদুল ইসলাম রুবেল (৩২), রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার সাধুর মোড় এলাকার বাসিন্দা এবং মৃত রমজান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২১ জুলাই সকাল সাড়ে ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে একজন শিক্ষক তার বাইসাইকেল রেখে ভিতরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখতে পান বাইসাইকেলটি নেই। বহু খোঁজাখুঁজির পরও না পেয়ে তিনি চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানায় একটি নিয়মিত চুরির মামলা রুজু করা হয়।
এ ঘটনায় চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে চোর শনাক্ত ও বাইসাইকেল উদ্ধারে অভিযান শুরু হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ জুলাই রাত ১০টায় চন্দ্রিমা থানার এসআই মো: মহিদউদ্দীন ও তার টিম চন্দ্রিমা থানার মেহেরচন্ডী এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে রুবেলের দেওয়া তথ্য অনুযায়ী, কাটখালী থানার মাসকাটাদিঘি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চোরাই বাইসাইকেলটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





