• রাজশাহী, বাংলাদেশ
  • ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

সুসম্পর্কের ছলে সর্বনাশ: রাজশাহীতে নারী চোরচক্রের হোতা গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ৭:১৮

সুসম্পর্কের ছলে সর্বনাশ: রাজশাহীতে নারী চোরচক্রের হোতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে চেতনানাশক খাইয়ে একটি পরিবারের স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরির ঘটনায় মূল অভিযুক্ত নারী মোসা: সাবেরা খাতুন ওরফে সম্পা (২৫) কে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। গতকাল ২৩ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডি করইতলা মোড় এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সাবেরা খাতুন রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মো: মমিনুল ইসলামের মেয়ে।

কাশিয়াডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, রায়পাড়া এলাকার বাসিন্দা মো: সেলিম রেজার স্ত্রীর সঙ্গে ছয় মাস আগে পরিচয় হয় সাবেরার। পরিচয়ের সূত্র ধরে সে ভুক্তভোগী পরিবারের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। গত ১২ জুলাই সাবেরা বেড়াতে এসে রান্নার কাজে সহযোগিতার কথা বলে পরিবারের সদস্যদের খাওয়ার সঙ্গে চেতনানাশক মিশিয়ে অচেতন করে ফেলে। পরে অচেতন অবস্থায় ভুক্তভোগী নারীর শরীরে থাকা প্রায় ২.৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪৮ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।

পরিবারের সদস্যরা পরে জ্ঞান ফিরলে বিষয়টি বুঝতে পারেন এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। শেষে কাশিয়াডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে মামলা রুজু হয়।

পরে ভুক্তভোগী সেলিম খোঁজ নিয়ে জানতে পারেন, অভিযুক্ত চন্দ্রিমা থানার মেহেরচন্ডি করইতলা মোড়ের এক বাসায় অবস্থান করছে। এরপর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে সাবেরাকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবেরা খাতুন প্রতারণার কৌশলে চেতনানাশক প্রয়োগ করে চুরির বিষয়টি স্বীকার করেছে। সে জানিয়েছে, আরও ২-৩ জন সহযোগীকে নিয়ে তারা দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণা করে আসছে।

আসামিকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর পাশাপাশি তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮